প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 October 2025, 11:56 ইং
চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সাগর হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
(২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে চৌগাছা-যশোর সড়কের তারিনিবাস মাঝের পাড়া
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার মাশিলা গ্রামের শহিদুল ইসলামের
ছেলে।
জানা গেছে, এদিন
সকালে সাগর হেলমেট পরিহিত অবস্থায় নিজ বাড়ি মাশিলা থেকে মাশিলা-তারিনিবাস
সড়ক দিয়ে চৌগাছা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারিনিবাস মাঝের পাড়া এলাকায়
পৌঁছালে এপাচি আরটিআর মোটরসাইকেলটি (যশোর-ল-১২-২৮০৮) নিয়ন্ত্রণ হারিয়ে
রাস্তার পাশে একটি কাঁঠাল গাছে ধাক্কা খায়। এতে সাগর গুরুতর আহত হন।
স্থানীয়রা
তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে
রেফার করেন। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ