প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 January 2026, 11:25 ইং
অভয়নগরে এক রাতে দুই দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টির সুমাইয়া ও আল-আমিন ক্লথ স্টোর নামের দুই দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে চোরেরা একই পদ্ধতিতে দুই দোকান থেকে নগদ এক লাখ ৯ হাজার টাকা নিয়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা।
সুমাইয়া ক্লথ স্টোরের মালিক হাসান আলী মোল্যা জানান, শনিবার বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৬০ হাজার ৯শ টাকা রেখে রাত ১০ টার দিকে বাসায় চলে যান তিনি। রবিবার (১৮ জানয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে দেখেন একটি শাটারের নিচের অংশ ভাঙা। পরে অন্যান্যে ব্যবসায়ীদের সহযোগিতায় দোকান খুলে দেখেন চোরেরা ক্যাশবাক্সের তালা ভাঙে সব টাকা নিয়ে গেছে।
আল-আমিন ক্লথ স্টোরের মালিক মতিয়ার রহমান জানান, তার দোকানেরও শাটার ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তবে টাকা ছাড়া আর কিছু নিয়েছে কিনা তা পরে বলতে পারবেন বলে জানান তিনি।
এক রাতে দুই দোকানে একই পদ্ধতিতে চুরির ঘটনায় কাপুড়িয়াপট্টির ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চোর চক্রকে দ্রুত আটক ও পরবর্তীতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ