
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নির্বাচনের আগেই দেশজুড়ে লুট হওয়া সব অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এই নির্দেশনা দেন।
পরে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
নিকার ১১৯তম সভায় মোট ১১টি প্রশাসনিক প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
স্বাস্থ্য মন্ত্রণালয়: ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—এই দুই বিভাগকে একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠন করা হয়েছে।
নারী ও শিশু মন্ত্রণালয়: ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে এর ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs) অপরিবর্তিত থাকবে।
রাজস্ব ব্যবস্থাপনা: অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
পরিবেশগত ও পর্যটন গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দেশে ৪টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত হয়েছে। থানাগুলো হলো—গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী এবং নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা। এছাড়া ঠাকুরগাঁওয়ের ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধন করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই দুই বিভাগ ভাগ করার অধ্যাদেশ জারি করা হয়েছে। দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল এবং জনবান্ধব করতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।