প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
ভোটারদের সুবিধায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, শিল্পাঞ্চলে শুরু ১০ তারিখ থেকেই

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে তাদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি—এই দুদিন সাধারণ ছুটি বলবৎ থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের তারিখ ও ছুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। নির্বাচনের কার্যক্রম নির্বিঘ্ন করতে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকদের যাতায়াত এবং ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে শিল্প এলাকায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, "শিল্পাঞ্চলের শ্রমিকরা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য তাদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ