প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
‘ভারতে খেলবে না বাংলাদেশ’: অনড় অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিসিবি

স্পোর্টস ডেস্ক :
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান ঘোষণা করেছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাঝুঁকি ও দেশের মানুষের আবেগের কথা মাথায় রেখে ভারতের মাটিতে খেলতে যাওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে এই অবস্থান পরিষ্কার করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আসিফ নজরুল বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার ও বিসিবির সিদ্ধান্ত অত্যন্ত স্পষ্ট—বাংলাদেশ দল ভারতে খেলবে না। আইসিসির সাম্প্রতিক ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কোনো কল্পনা নয়, এটি বাস্তব। যেখানে আমাদের অন্যতম সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নিরাপত্তাই নিশ্চিত করা যায়নি, সেখানে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?"
তিনি আরও যোগ করেন, "মাথা নত করে দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলার কোনো প্রশ্নই আসে না। আমরা আশা করবো আইসিসি পরিস্থিতি বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।"
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কঠোর অবস্থানের সমালোচনা করে বলেন, "বিশ্ব ক্রিকেটে যখন জনপ্রিয়তা কমছে, তখন ২০ কোটি মানুষের একটি দেশকে এভাবে উপেক্ষা করা চূড়ান্ত হতাশাজনক। আইসিসির ভূমিকা নিয়ে আমাদের মনে সন্দেহ তৈরি হয়েছে।" তবে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, "আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করব এবং শ্রীলঙ্কায় খেলার দাবিটি জোরালোভাবে তুলে ধরব।"
এর আগে বুধবার আইসিসি তাদের বোর্ড সভায় জানিয়েছিল, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় তাদের বাদ দিয়ে বিকল্প দলকে সুযোগ দেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে বিসিবি ও সরকারের অনড় অবস্থানের কারণে আসন্ন বিশ্বকাপে টিম টাইগার্সের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে।
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে আয়োজনের সূচি রয়েছে, যা পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ