প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
বিএনপির ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট প্রতিশ্রুতি নিয়ে নাহিদ ইসলামের তীব্র সমালোচনা

স্বপ্নভূমি ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে ‘মিথ্যা আশ্বাস’ ও ‘লুণ্ঠনের ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ এই কার্ড পেতে গিয়ে দুর্নীতির শিকার হবে কি না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, তা আসলে কারা পাবে? যাদের প্রয়োজন তারা কি আদেও পাবে? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে?” তিনি অভিযোগ করেন, বিএনপি একদিকে জনহিতকর কার্ডের কথা বলছে, অন্যদিকে নির্বাচনে বড় বড় ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে, যারা ক্ষমতায় গিয়ে পুনরায় লুণ্ঠন চালাবে।
উচ্ছেদের নতুন কৌশল? তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের আগাম ইঙ্গিত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “বস্তিবাসী আজীবন ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন। অতীতে যারাই ফ্ল্যাট দেওয়ার স্বপ্ন দেখিয়েছে, তারাই নির্বাচনের পর বস্তি উচ্ছেদ করেছে। বস্তিবাসী এখন এসব বোঝে, তারা মিথ্যা আশ্বাসে আর ভুলবে না।”
নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে। কোনো নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। আমরা মাঠে আছি, কোনো অন্যায় সহ্য করা হবে না।”
আগামী নির্বাচনকে কেবল একটি প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ‘গণভোট’ হিসেবে আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা বৈষম্য, চাঁদাবাজি, জুলুম ও আধিপত্যবাদকে ‘না’ বলব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের জারি রাখতে হবে। আন্দোলনের লক্ষ্য পূরণ করতে হলে এই গণভোটে ইনসাফের পক্ষকে জয়ী করতে হবে।”
সমাবেশে ঢাকা-১৫ আসনের ভোটারদের দেশের স্বার্থে এবং ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ