প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
অভয়নগরে ব্যবসায়ীকে জরিমানা, মজুদকৃত সার জব্দ

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে লাইসেন্সবিহীন একটি গুদামে অবৈধ উপায়ে সার মজুদ করায় মেসার্স মতলেব ট্রেডার্সের মালিক রনি আহমেদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকৃত সার জব্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া বাজারের নূরবাগ হাইস্পিড ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। রনি আহমেদ উপজেলার একতারপুর গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে নওয়াপাড়া বাজারের নূরবাগ হাইস্পিড ঘাট (শাহাজাহান মোল্যার গলি) এলাকায় মেসার্স মতলেব ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের লাইসেন্সবিহীন একটি গুদামে অবৈধ উপায়ে মজুদ করা ৩০ বস্তা টিএসপি, ১৮ বস্তা ডিএপি ও ২ বস্তা এমওপি সার এবং ১২০ বস্তা আপেল মার্কা জিপসাম সার (প্রতি বস্তা ১৮ কেজি) জব্দ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘লাইসেন্সবিহীন গুদামে অবৈধ উপায়ে সার মজুদ করায় মেসার্স মতলেব ট্রেডার্সের মালিক রনি আহমেদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত সার জব্দ করা হয়েছে।’
অভিযান চলাকালে উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ অভয়নগর থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ