প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
জামায়াতে যোগ দিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকসহ অর্ধশত কর্মী-সমর্থক

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর বিএনপির পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মুজিবর রহমান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একই সঙ্গে যোগ দিয়েছেন তার অর্ধশত কর্মী-সমর্থক।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় মো. মুজিবর রহমান তার অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
এ সময় ৮৮ যশোর-৪ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ফুল দিয়ে তাদের বরণ করেন।
জামায়াতে যোগদান বিষয়ে মো. মুজিবর রহমান বলেন, ‘দীর্র্ঘদিন যাবৎ বিএনপির সঙ্গে জড়িত। নওয়াপাড়া পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ব্যক্তিগত ও অনিবার্য কারণে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিএনপির সকল পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’
মুজিবর রহমান আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকা- আমাকে মুগ্ধ করেছে। যে কারণে জামায়াতের রাজনীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচনী প্রচার কাজ শুরু করার ইচ্ছা পোষণ করেছি। আমার সঙ্গে কমপক্ষে ৫০ জন কর্মী-সমর্থকও যোগদান করেছেন।’
এ ব্যাপারে অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন বলেন, ‘আজ নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মুজিবর রহমান তার অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগদান করেছেন। কারণ জামায়াতে ইসলাম দেশ ও জনগণের কথা বলে। সাধারণ মানুষের দুঃখে পাশে থাকে। কোনো চাঁদাবাজি, দখলদারী বা অনিয়ম-দুর্নীতিবাজদের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই। তাই এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা মোতাবেক জামায়াত সরকার গঠন করবে ইনশাআল্লাহ।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ