প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 January 2026, 11:47 ইং
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৫৬ হাজার পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মযজ্ঞ পর্যবেক্ষণে এবার বড় পরিসরে দেশি ও বিদেশি প্রতিনিধিদের সুযোগ দিচ্ছে কমিশন। ৮১টি নিবন্ধিত সংস্থার প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষকের পাশাপাশি থাকছেন প্রায় ৫০০ বিদেশি প্রতিনিধি।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষক সংস্থা সংক্রান্ত চূড়ান্ত এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৮১টি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে পর্যবেক্ষণের আবেদন করেছেন। তবে কেন্দ্রীয় পর্যায়ের পর্যবেক্ষকরা যে এলাকার ভোটার, সেই আসনগুলো বাদে অন্য যেকোনো আসনে ভোট পর্যবেক্ষণ করতে পারবেন বলে ইসি থেকে জানানো হয়েছে।
এর আগে গত রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে এই প্রস্তুতির কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই প্রক্রিয়া। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ব্যালট পেপারে ভোটাররা তাদের রায় প্রদান করবেন। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনে বাড়তি জনবল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, বিশাল সংখ্যক এই পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য সব ধরণের লজিস্টিক সহযোগিতা নিশ্চিত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ