প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 January 2026, 11:47 ইং
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার :
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অপরাধে সংশ্লিষ্টতার দায়ে আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুইজন হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল (৬ বছর), শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন (৪ বছর) এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে।
মামলার আট আসামির মধ্যে চারজন (আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল) বর্তমানে কারাগারে রয়েছেন এবং রায়ের সময় তাদের আদালতে হাজির করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত প্রধান তিন আসামি—হাবিবুর রহমান, সুদীপ কুমার ও আখতারুল ইসলাম এবং সাজাপ্রাপ্ত ইমরুল এখনও পলাতক রয়েছেন।
রায়ে আদালত উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে চানখারপুলে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইশমামুল হক ও মানিক মিয়া নিহত হন। প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে অধস্তনদের মারণাস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
তদন্ত কর্মকর্তাসহ ২৬ জন সাক্ষীর জবানবন্দি, ১৯টি ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আদালত এই সিদ্ধান্তে উপনীত হন। পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে এটি দ্বিতীয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ