প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 January 2026, 11:47 ইং
'খারাপ খেললে সমালোচনাও করবেন': শিরোপা জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে রিপনের খোলা চিঠি

ক্রীড়া প্রতিবেদক :
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন সূর্যোদয় দেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। আর এই শিরোপা জয়ের অন্যতম কারিগর তরুণ তুর্কি রিপন মন্ডল। টুর্নামেন্টজুড়ে বল হাতে ১৭ উইকেট শিকার করে কেবল দলকে চ্যাম্পিয়নই করেননি, নিজের ঝুলিতে পুরেছেন আসরের 'ইমার্জিং ক্রিকেটার'-এর খেতাব।
সোমবার (২৬ জানুয়ারি) ট্রফি নিয়ে রাজশাহীর রাজপথে রোড শো করেন চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা। সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝে ভক্তদের প্রতি নিজের কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছেন এই তরুণ পেসার। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি সমর্থকদের উদ্দেশ্যে মনছোঁয়া বার্তা দেন।
সমর্থকদের ভালোবাসায় আপ্লুত রিপন: ভক্তদের উন্মাদনা দেখে রিপন মন্ডল লিখেছেন, "আপনারা যখন 'রিপন' বলে ডাকেন, আমার কানে শুধু নয়, আওয়াজটা মনেও পৌঁছায়। সবার ডাকে হয়তো সাড়া দেওয়া হয় না, কিন্তু আমি আপনাদের ভালোবাসি। আপনারা যখন আমার প্রশংসা করেন, আমি অনুপ্রাণিত হই।"
সমালোচনার আহ্বান: একজন পেশাদার ক্রিকেটারের মতো কেবল প্রশংসায় গা ভাসাতে চান না রিপন। তিনি সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "আমি ভালো করলে যেমন প্রশংসা করেন, খারাপ করলে সমালোচনাও করবেন প্লিজ। এমন যৌক্তিক সমালোচনা—যা আমার ভুল ধরিয়ে দেবে এবং নিজেকে নতুন করে প্রস্তুত করতে সাহায্য করবে।"
পরিবারের মতো পাশে থাকার প্রতিশ্রুতি: ভক্তদের নিজের পরিবারের অংশ মনে করেন এই পেসার। তিনি আরও যোগ করেন, "আমার পরিবার যেমন ভুল করলে ধরিয়ে দেয়, আপনারাও আমার পরিবার। এই কথাটা কখনোই মিথ্যা হয়ে যাবে না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।"
উল্লেখ্য, এবারের বিপিএলে ডেথ ওভারে রিপন মন্ডলের কার্যকর বোলিং এবং গতির বৈচিত্র্য নজর কেড়েছে নির্বাচকদেরও। শিরোপা উদযাপন শেষে এখন জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় এই উদীয়মান তারকা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ