প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 January 2026, 03:38 ইং
অভিযোগ থেকে অব্যাহতি পেলেন যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা সশরীরে আদালতে হাজির হয়ে আলাদা দুটি কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন। অভিযোগ দুটির জবাবের শুনানিশেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
শুনানিশেষে বিষয়টি নিশ্চিত করেন সাবিরা সুলতানার আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবিরা সুলতানা বলেন, আমি জানতাম ন্যায় বিচার পাবো। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা অসত্য প্রমাণিত হয়েছে। সেসব অভিযোগ থেকে আমি অব্যাহতি পেয়েছি। আমি ন্যায়বিচার পেয়েছি।
এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অহেতুক বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, যার কোনো ভিত্তি নেই। বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত তা আমলে নিয়ে আমাদের প্রার্থী সাবিরা সুলতানাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ওই আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের দায়ের করা পৃথক দুটি অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল প্রার্থী সাবিরা সুলতানাকে আলাদা দুটি শোকজ নোটিস প্রদান করেন। অভিযোগে তার বিরুদ্ধে জামায়াতের নারীকর্মীদের মারধর এবং রঙিন ব্যানার ও ফেস্টুন সাঁটানোর অভিযোগ আনা হয়।
এসব অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজির হয়ে সাবিরা সুলতানা জবাব দেন। জবাব সন্তোষজনক হওয়ায় আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ