প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 February 2026, 01:24 ইং
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের

স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নতুন নাটকীয়তা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সরকার তাদের দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ইস্যু বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসির বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেই পাকিস্তান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। নিরাপত্তা শঙ্কার অজুহাতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।
বাংলাদেশ তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তা নাকচ করে দেয়। পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। শুরু থেকেই আইসিসির এই একপাক্ষিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পিসিবি প্রধান মহসিন নাকভির মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ জানানো হয়েছে যে, পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে ঠিকই, কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না তারা।
বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ ধরা হয় ভারত-পাকিস্তান লড়াইকে। পাকিস্তানের এই বয়কট সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের বাণিজ্যিক ও দর্শকপ্রিয়তার ওপর বড় ধাক্কা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পিসিবি মনে করে, বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে এবং ক্রিকেটীয় সংহতি বজায় রাখতেই এই ত্যাগ স্বীকার করা প্রয়োজন।
এখন দেখার বিষয়, পাকিস্তানের এই কঠোর অবস্থানের পর আইসিসি তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কি না, নাকি ভারত-পাকিস্তান লড়াই ছাড়াই অনুষ্ঠিত হবে ২০২৬-এর বিশ্বকাপ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ