প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 February 2026, 01:07 ইং
অভয়নগরে চাঁদা নিতে এসে চরমপন্থী দলের দুই সদস্য আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে মেসার্স জালাল ট্রেডিং (জেটি) নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে দাবিকৃত চাঁদা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে নিষিদ্ধ পরমপন্থী দলের দুই সদস্য। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. জালাল বাদী হয়ে আটক দুইজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আটক দুইজন হলেন, অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইমাম হোসেন ওরফে রাব্বি (৩৩) ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০)।
মেসার্স জালাল ট্রেডিংয়ের মালিক মামলার বাদী মো. জালাল বলেন, ‘নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ফেরিঘাট এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে ০১৩১৪-৩৮১১৫৪ নম্বর থেকে এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে বলেন, ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে, তা না হলে বড় ধরণের ক্ষতি করা হবে। এ সময় ওই ব্যক্তি নিজেকে ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মো. জালাল আরো বলেন, ‘কয়েক দফা আলোচনার পর এক লাখ টাকা দেওয়ার শর্তে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে দুই যুবক আমার ব্যবসাপ্রতিষ্ঠানে আসে এবং নগদ এক লাখ টাকা গ্রহণ করে। টাকা নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর মঙ্গলবার রাত ১ টার দিকে আমি নিজে বাদী হয়ে দুই জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
ঘটনার সত্যতা স্বীকার করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আটক দুই জনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ