প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 February 2026, 03:42 ইং
সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ: এনবিআরের সাবেক সদস্য মতিউরের বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্বপ্নভূমি ডেস্ক :
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মতিউর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে তিনি নিজ নামে ৫ কোটি ৪০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ গড়েছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছিল দুদক। এর মধ্যে প্রথম মামলার তদন্ত শেষে আজ চার্জশিট অনুমোদন দেওয়া হলো। দ্বিতীয় মামলায় মতিউরের স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ ও তথ্য গোপনের অভিযোগ রয়েছে, যার তদন্ত এখনো চলমান। ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
২০২৪ সালের কোরবানির ঈদে মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। এরপরই বেরিয়ে আসতে থাকে মতিউর রহমান ও তার পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।
দুদকের অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়। ইতোমধ্যে তাদের ব্যাংক হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ