প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 February 2026, 06:28 ইং
চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি’র হামলার প্রতিবাদে বিক্ষোভ

যশোর প্রতিনিধি:
চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর নারী নেতা-কর্মীরা।
২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ওই নারী ভোট কর্মীদের ওপর প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থীর নেতা-কর্মী সমর্থকেরা অতর্কিত আক্রমণ করেন। মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেনের নেতৃত্বে হামলায় অংশ নেন একই গ্রামের লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেনসহ বেশ কয়েকজন। হামলার সময় নারীদের অশালিন ভাষায় গালিগালাজ করা হয় ও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি সাথে থাকা মোবাইল ফোন সেট ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেয় হামলাকারীরা। হামলার শিকার নারী কর্মীরা হলেন, মোছা: রিংগুন খাতুন, সুমাইয়া বেগম, শাহানাজ খাতুন, দিশা খাতুনসহ ৫/৬ জন।
হামলাকারীরা নারী ভোট কর্মীদের ভোটের প্রচারে বাধা প্রদান এবং পরবর্তিতে ভোটের প্রচারে না আসার জন্য হুমকি প্রদান করেন।
এবিষয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ প্রদান করেছেন হামলার শিকার রিংগুন খাতুন।
এছাড়া ৩ ফেব্রুয়ারি দুপুরে হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে ভোট চাইতে গেলে হামলার শিকার হয়েছেন একই গ্রামের নাসরিন খাতুন, রিনা খাতুন, মোছা: নুরজাহান, মোছা: রিনা খাতুন, লিমা খাতুন, নুরজাহান, সুমাইয়া খাতুন, ও আলপনা খাতুন।
হামলাকারীরা হলেন, একই গ্রামের শাহাবুদ্দিন, মুকুল ও মন্টু রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের দপ্তরে এই ঘটনায় আলাদা অভিযোগ দাখিল করেছেন দাঁড়িপাল্লা প্রতিকের ভোট কর্মী নাসরিন খাতুন।
প্রতিবাদে আজ ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় চৌগাছা পৌর শহরে বিক্ষোভের ডাক দিয়েছেন জামায়াতের ইসলামীর চৌগাছা উপজেলা মহিলা বিভাগ ও ১১ দলীয় ঐক্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ