প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 01:30 ইং
হ্যাককাণ্ডে সংশ্লিষ্টতা মিলবে ফরেনসিক রিপোর্টে: ডিবি প্রধান

স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি প্রধান জানান, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট ভাইরাল হয়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এটি একটি সাইবার হামলা এবং অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তদন্তের দায়িত্ব পায় ডিবি।
প্রাথমিক তদন্ত ও ডিজিটাল ফুটপ্রিন্টের সূত্র ধরে মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে হাতিরঝিল থানায় দায়ের করা নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হ্যাকের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সরাসরি সংশ্লিষ্টতা কতটুকু—এমন প্রশ্নে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, “আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল, কম্পিউটারের হার্ডডিস্ক এবং ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। তবে তদন্ত এবং ফরেনসিক প্রতিবেদন না পাওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। স্বচ্ছ তদন্তের স্বার্থে আমরা জব্দ করা আলামতগুলো ফরেনসিক ল্যাবে পাঠাব।”
তিনি আরও জানান, তদন্তে যা যা করা প্রয়োজন সবকিছুই করা হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে পুলিশকে তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত শনিবার জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি পোস্ট প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরদিন সংবাদ সম্মেলনে জামায়াত দাবি করে, assistantprogrammer@bangabhaban.gov.bd এই সরকারি ই-মেইল ব্যবহার করে একটি ফিশিং লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই পুলিশি অভিযানে ধরা পড়েন বঙ্গভবনের এই আইসিটি কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ