প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 01:32 ইং
ক্যারাভ্যানে নির্বাচনী প্রচারণার অনুমতি দিল ইসি

স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আরও উৎসবমুখর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থীরা ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহন ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় ও উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহন সাজানো যাবে। এক্ষেত্রে যানবাহনের চতুর্পাশে ডিজিটাল প্রযুক্তি (যেমন: এলইডি স্ক্রিন) অথবা সাধারণ পচনশীল সামগ্রী (যেমন: ফুল বা কাগজ) ব্যবহার করা যাবে।
তবে ক্যারাভ্যান ব্যবহারের ক্ষেত্রে কঠোর শর্তারোপ করেছে কমিশন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, এমন প্রচারণাকালে কোনোভাবেই সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না এবং কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্তের কপি দেশের সকল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে এই বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করবেন যেন ক্যারাভ্যান প্রচারণার আড়ালে যানজট বা বিশৃঙ্খলা তৈরি না হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ