প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 01:35 ইং
স্বচ্ছতা ও কর্মসংস্থানে জামায়াতের তিন ‘মাস্টারস্ট্রোক’ অ্যাপ

স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে সুশাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে তিনটি বিশেষ ডিজিটাল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ‘দক্ষতা’, ‘ডিজিটাল পাহারাদার’ ও ‘আমার টাকা, আমার হিসাব’ নামে এই তিন ডিজিটাল প্ল্যাটফর্মের রূপরেখা তুলে ধরা হয়।
১. ‘আমার টাকা, আমার হিসাব’: সরকারি ব্যয়ের লাইভ ট্র্যাকিং
সরকারি অর্থের হিসাব সাধারণ মানুষের হাতের মুঠোয় আনতে তৈরি করা হবে এই অ্যাপ। এর মাধ্যমে:
- নাগরিকরা মাত্র কয়েক ক্লিকেই কর, ঋণ, অনুদান ও রেমিট্যান্স থেকে সরকারের আয়ের পরিমাণ জানতে পারবেন।
- জেলা-উপজেলা পর্যায়ে কোন প্রকল্পে কত টাকা খরচ হচ্ছে, তা স্বচ্ছভাবে দেখা যাবে।
- ব্যয়ের কোনো অসঙ্গতি দেখলে সরাসরি প্রশ্ন বা অভিযোগ করার সুযোগ থাকবে।
২. ‘ডিজিটাল পাহারাদার’: চাঁদাবাজি ও অপরাধের যম
চাঁদাবাজি, ঘুষ, মাদক ও সন্ত্রাস নির্মূলে নাগরিকদের হাতিয়ার হিসেবে কাজ করবে এই অ্যাপ। এর বিশেষত্ব হলো:
- অপরাধের অডিও, ভিডিও বা ছবি তুলে সরাসরি আপলোড করা যাবে।
- অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে এবং ব্যবস্থার অগ্রগতি ‘লাইভ ট্র্যাক’ করা যাবে।
- স্মার্টফোন নেই যাদের, তাদের জন্য থাকবে বিশেষ হটলাইন।
৩. ‘দক্ষতা’ অ্যাপ: বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান
ভাতার বদলে যুবসমাজকে কাজ শিখিয়ে স্বাবলম্বী করতে তৈরি হবে ‘দক্ষতা’ অ্যাপ। এর মূল লক্ষ্য:
- বেকার যুবকরা অ্যাপে রেজিস্ট্রেশন করে নিজেদের পছন্দমতো কাজ বেছে নিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
- প্রশিক্ষণের সময় যাবতীয় খরচ, থাকা-খাওয়া ও সম্মানী সরকার বহন করবে।
- প্রশিক্ষণ শেষে দেশে চাকরি, ব্যবসা কিংবা বিদেশে কর্মসংস্থানে সরাসরি সরকারি সহযোগিতা মিলবে।
জামায়াত নেতৃবৃন্দ জানান, এই ডিজিটাল উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং দক্ষ জনশক্তি তৈরি করে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ