প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 01:39 ইং
মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল কারাকাস

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পূর্তিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিশাল বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার মাদুরো সমর্থক ও সরকারি কর্মচারীদের অংশগ্রহণে রাজপথ ‘ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস’ স্লোগানে মুখর হয়ে ওঠে। বার্তাসংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
ঠিক এক মাস আগে এক নাটকীয় মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হন মাদুরো। এরপর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে নিউইয়র্কের একটি আদালতে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়। অভিযানে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়। মঙ্গলবারের মিছিলে সমর্থকদের হাতে এই দম্পতির ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মাদুরোর পতনের পর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ এক কঠিন রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে ওয়াশিংটনের সমর্থন বজায় রাখা, অন্যদিকে দেশের ভেতরে শক্তিশালী ‘চাভিস্তা’ বলয়ের জনরোষ সামলানো—উভয় সংকটে পড়েছেন তিনি। মঙ্গলবারের এই মিছিল মূলত সরকারের আহ্বানেই আয়োজিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভকারীদের একটি বড় অংশ ছিল সরকারি কর্মচারী। তারা হুগো শ্যাভেজ ও মাদুরোর বামপন্থী ‘চাভিস্তা’ আন্দোলনের ঐতিহ্যবাহী লাল রঙের পোশাক পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক শ মিটার দীর্ঘ মিছিলে অংশ নেন। মিছিলের ট্রাকগুলো থেকে উচ্চস্বরে রাজনৈতিক গান বাজিয়ে সমর্থকদের উজ্জীবিত করা হয়।
মাদুরোপন্থীরা যখন রাজপথে শক্তি দেখাচ্ছে, তখন দেশটির বিরোধী দলগুলো সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় স্থিতিশীলতা ফেরাতে এই নির্বাচনকেই একমাত্র পথ হিসেবে দেখছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ