প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 February 2026, 01:41 ইং
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা: শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ চললেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না রক্তপাত। বুধবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ৩ শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু ও ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে নাসের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গাজা শহরে পৃথক হামলায় নিহত আরও ৬ জনের মরদেহ নেওয়া হয়েছে আল-শিফা হাসপাতালে।
পাল্টাপাল্টি অভিযোগ ও চুক্তি লঙ্ঘন
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকায় হামাস যোদ্ধারা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন কর্মকর্তা গুরুতর আহত হন। একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে পাল্টা হামলা শুরু করে তারা। অন্যদিকে হামাস এই বিমান হামলাকে বেসামরিকদের ওপর নৃশংসতা ও শান্তি চুক্তির চরম অবমাননা হিসেবে দেখছে।
মানবিক সংকটের মুখে রাফাহ ক্রসিং
দীর্ঘদিন পর গাজা ও মিসরের মধ্যকার রাফাহ ক্রসিং পুনরায় চালু হওয়ার কয়েক দিনের মাথায় এই রক্তপাত ঘটল। এই ক্রসিংটি গাজাবাসীদের জন্য বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ যা ইসরায়েলি ভূখণ্ড স্পর্শ করে না। সহিংসতার ফলে এই মানবিক করিডোর আবারও হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধবিরতির এক মাসে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, একই সময়ে তাদের ৪ জন সৈন্য নিহত হয়েছে। দুই পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ