প্রিন্ট এর তারিখঃ Mar 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 February 2026, 03:55 ইং
বিলাসবহুল রাজপ্রাসাদ ছাড়লেন প্রিন্স অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক :
দীর্ঘদিনের রাজকীয় বাসভবন ‘রয়্যাল লজ’ ছেড়ে চলে গেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে তদন্তের চাপ শুরু হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত।
লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এপস্টাইন সংক্রান্ত কিছু গোপন নথি প্রকাশ করে। ওই নথিতে ৬৫ বছর বয়সি সাবেক এই রাজপুত্রের নাম আসার পর থেকেই তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করে। মূলত এসব নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতেই এখন তাকে আইনি ও সামাজিক চাপের মুখে পড়তে হচ্ছে।
বিবিসির তথ্যমতে, সোমবারই অ্যান্ড্রু তার দীর্ঘদিনের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে চলে গেছেন। রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই কেন হঠাৎ করে প্রাসাদ ছাড়লেন, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিলেও বাকিংহাম প্যালেস এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ডিওজে-র নতুন তথ্য প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক মোড় নিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এক বিবৃতিতে বলেছেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে অ্যান্ড্রু যা জানেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তার সাক্ষ্য দেওয়া উচিত। যদিও শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু।
২০১৯ সালে এপস্টাইন কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর থেকেই রাজকীয় দায়িত্ব ও উপাধি থেকে দূরে সরিয়ে দেওয়া হয় প্রিন্স অ্যান্ড্রুকে। নতুন এই নথিপত্র প্রকাশের পর রাজপরিবারের এই সদস্যের ভবিষ্যৎ আরও সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ