প্রিন্ট এর তারিখঃ Feb 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 February 2026, 03:15 ইং
'নির্বাচনে মিথ্যা কথা বলবো না, আমরা সাচ্চা মুসলমান'—মির্জা আব্বাস

স্বপ্নভূমি ডেস্ক :
নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের সমালোচনাকে স্বাভাবিক উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেওয়া মোটেও স্বাভাবিক বিষয় নয়। তিনি স্পষ্ট করে বলেন, "আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।"
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস জানান, তার নির্বাচনী প্রচারণায় কেবল নিজের করা কাজ এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা স্থান পাবে। তিনি বলেন, "অন্য কোনো দলের নেতা বা প্রার্থীদের নিয়ে আমি কোনো অশোভন বা নোংরা ভাষা ব্যবহার করবো না।" তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের মানুষ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে, তাই সবাইকে সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে এই অধিকার প্রয়োগ করতে হবে।
ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়ে মির্জা আব্বাস বলেন, "ভোটিং সেন্টারে রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় থাকবে।" তবে তিনি নেতা-কর্মীদের কোনো ধরনের গণ্ডগোল বা ঝগড়ায় না জড়ানোর নির্দেশ দেন। লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন চলাকালীন আমরা শান্ত থাকবো, কিন্তু নির্বাচনের পর প্রয়োজন হলে লড়াই করতে প্রস্তুত আছি।"
এলাকাবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে ফ্ল্যাট মালিক সমিতির নেতা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ