প্রিন্ট এর তারিখঃ Feb 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 February 2026, 15:23 ইং
জনগণ দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি চায় না- মাও আজিজুর রহমান

মোহাম্মদ হানজালা শার্শা:
শার্শা-১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেছেন, “বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহ ভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।”
আজ বিকালে শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিশাল জনসভায় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে, যেখানে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, “ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বিপুল সংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ