প্রিন্ট এর তারিখঃ Feb 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 February 2026, 23:36 ইং
ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম ও পুরোনো ইউনিফর্ম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

স্বপ্নভূমি ডেস্ক :
জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিজিবি-র পরিবর্তে সীমান্তরক্ষী বাহিনীর নাম পুনরায় ‘বিডিআর’ (বাংলাদেশ রাইফেলস) রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে এই বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সাবেক ইউনিফর্মও ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০০৯ সালে পিলখানায় পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআরের নাম ও পোশাক পরিবর্তন করা হয়েছিল। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন সুপারিশের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনা আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় গেলে সাবেক ও বর্তমান সেনাসদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যারা এসব সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করবেন।
সেনানিবাসে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, “সেনাবাহিনী আমার কাছে একটি বৃহত্তর পরিবার। ছোটবেলায় বাবাকে হারানোর পর দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা বেগম খালেদা জিয়ার গভীর শ্রদ্ধা ও নির্ভরতা ছিল। শহীদ জিয়াকে নিয়ে দেশের জনগণ যেমন গর্বিত, আমি বিশ্বাস করি সশস্ত্র বাহিনীও তাঁকে নিয়ে গর্বিত।”
সেনাবাহিনীর হৃত গৌরব পুনরুদ্ধার এবং পেশাদারিত্ব রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, “সেনাবাহিনীকে অবশ্যই রাজনৈতিক সচেতন থাকতে হবে, তবে রাজনীতিতে বিলীন হওয়া চলবে না। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। সেনাবাহিনীর সম্মান ভূলুণ্ঠিত হয় এমন কোনো কাজ বিএনপি অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।”
বিএনপি গঠিত ‘সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি’ আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। অনুষ্ঠানে সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ পিলখানা হত্যাকাণ্ডে শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদও উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ