প্রিন্ট এর তারিখঃ Feb 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 February 2026, 23:53 ইং
ভোটে অংশ নিতে ৭ দিনের ছুটির দাবিতে রাজু ভাস্কর্যে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বপ্নভূমি ডেস্ক :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের সুবিধার্থে সাত দিনের ছুটির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবি, ভোটাধিকার নিশ্চিত করতে এবং দূরবর্তী জেলাগুলোতে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে হবে।
সমাবেশে ড. মুহম্মদ শহিদুল্লাহ হল সংসদের কার্যনির্বাহী সদস্য রিয়াদুস সালেহীন বলেন, “দীর্ঘ সময় পর দেশবাসী ভোটাধিকার ফিরে পেয়েছে। কিন্তু ঢাবি প্রশাসন ছুটির বিষয়ে যে অনমনীয়তা দেখাচ্ছে, তা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার শামিল। যদি ১০ ফেব্রুয়ারি থেকে ছুটি দেওয়া হয়, তবে যান চলাচল সীমিত থাকার কারণে আমার মতো পঞ্চগড় বা দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের পক্ষে ১১ তারিখ বাড়ি পৌঁছে ১২ তারিখ ভোট দেওয়া অসম্ভব হয়ে পড়বে।” তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, নির্বাচনবিমুখী কোনো আচরণ শিক্ষার্থীরা বরদাশত করবে না।
হল সংসদের আরেক সদস্য আবু নাইম বলেন, “সতেরো বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এবারের ভোট আমাদের কাছে ঈদের মতো উৎসবমুখর। ফলে সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। প্রশাসন শিক্ষার্থীদের এই আবেগকে মূল্যায়ন না করে ছুটির বিষয়ে ‘মকারি’ করছে। ৮ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হলে শিক্ষার্থীরা সময়মতো নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে।”
সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। উল্লেখ্য যে, ভোটের দিন ঘনিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ ছুটির কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা মনে করছেন, পর্যাপ্ত ছুটি না দিলে কয়েক হাজার শিক্ষার্থী তাদের প্রথমবার ভোট দেওয়ার সুযোগ হারাবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ