প্রিন্ট এর তারিখঃ Feb 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 February 2026, 07:50 ইং
শার্শায় পুড়িয়েছে ধানের শীষ প্রার্থীর ফেস্টুন-ব্যানার
শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে লক্ষণপুরে কয়েকটি স্থানে এঘটনা ঘটে।
লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন অভিযোগ করে বলেন, লক্ষণপুর ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার গভীর রাতে পুড়িয়ে ফেলা হয়। এটা পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে।
ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “ধানের শীষের পক্ষে জনসমর্থন ও জয়ের সম্ভাবনা দেখে একটি চক্র ভীত হয়ে পড়েছে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে তারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা না হলে এলাকায় সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এসব কর্মকাণ্ড করা হচ্ছে।
এবিষয়ে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ