প্রিন্ট এর তারিখঃ Feb 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 February 2026, 14:12 ইং
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে নির্বাচনী আইন অমান্য করার অপরাধে এই আদেশ দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর পাইকপাড়ায় শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে একটি ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রতি দেওয়া সরাসরি আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে কারণ দর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, রোববার মতিয়ার রহমান ফারাজী সশরীরে আদালতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদান করেন। শুনানির সময় তিনি নিজের ভুলের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। তার স্বীকারোক্তি এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ