প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 February 2026, 10:04 ইং
নির্বাচনের পর জামায়াত আমিরের ফেসবুক বার্তা

স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিয়ে সংসদে একটি ‘শক্তিশালী, দায়িত্বশীল ও নীতিবান’ বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলের এই আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন।
নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে তার দল সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। নির্বাচনে ৭৭টি আসনে জয়লাভের কথা উল্লেখ করে তিনি বলেন:
"আমরা সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চারগুণ বৃদ্ধি করেছি। আধুনিক বাংলাদেশের রাজনীতিতে আমরা এখন অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি। নেতাকর্মীদের হতাশ হওয়ার কিছু নেই; আমাদের প্রচেষ্টা বৃথা যায়নি।"
রাজনীতিতে ধৈর্য ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গুরুত্ব বোঝাতে তিনি ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপির ঘুরে দাঁড়ানোর উদাহরণ টানেন। তিনি লেখেন, "২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসনে নেমে এসেছিল, যেখান থেকে দীর্ঘ ১৮ বছরের পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে তারা সরকার গঠন করেছে।" জামায়াতের লক্ষ্য এখন মানুষের আস্থা অর্জন এবং ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা বলে তিনি উল্লেখ করেন।
আসন্ন সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, "জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়; এটি একটি শর্তযুক্ত আমানত।" সুশাসনের প্রথম পরীক্ষা নিজের দলের কর্মীদের শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় উল্লেখ করে তিনি বিজয়ী দলকে প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান।
জুলাই বিপ্লবের চেতনা এখনো জীবিত উল্লেখ করে তিনি বলেন, এ দেশে আর কোনো স্বৈরাচার বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না। সারাদেশে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা বা হয়রানি ঘটলে তা কঠোরভাবে নথিভুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি জোর দাবি জানান।
ব্যথিত ও হতাশ কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে আমির বলেন, "আমাদের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য ছিল না, এটি ছিল ন্যায়বিচারপূর্ণ রাষ্ট্র গড়ার লড়াই।" তিনি নির্বাচিত এমপি ও স্থানীয় নেতাদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো অন্যায়ের তথ্য-প্রমাণ ও ভিডিও সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরার নির্দেশ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ