প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 February 2026, 13:44 ইং
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক, স্বপ্নভূমি :
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন সম্পর্কের সেতুবন্ধন হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সার্কভুক্ত দেশগুলোর সব সরকারপ্রধানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের পরিকল্পনা করা হচ্ছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিবিসি বাংলা ও ইন্ডিয়া টুডের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এক শীর্ষ নেতা জানান, শপথ অনুষ্ঠানটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আয়োজন করা হলেও বিএনপি থেকে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে বিশেষ ইঙ্গিত দেওয়া হয়েছে। দলটির লক্ষ্য হলো—শপথ অনুষ্ঠানকে একটি ‘আঞ্চলিক কূটনৈতিক মঞ্চ’ হিসেবে ব্যবহার করা, যেখানে সার্কভুক্ত সব দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন’ আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে অভিনন্দন জানিয়ে বলেন:
"আমি আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের যৌথ লক্ষ্য পূরণে নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।"
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একই মঞ্চে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতি বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বড় সাফল্য হবে। এটি দক্ষিণ এশীয় রাজনীতিতে বাংলাদেশের নতুন ভারসাম্যপূর্ণ অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীকে ‘মূল আমন্ত্রিত অতিথি’ হিসেবে রাখার মধ্য দিয়ে বিএনপি ভারতের সঙ্গে বিদ্যমান শীতল সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছে।
যদিও আমন্ত্রণের এই পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, তবে বঙ্গভবন বা সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো অতিথিদের চূড়ান্ত তালিকা বা শপথের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মেগা আয়োজনের পূর্ণাঙ্গ সূচি জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ