প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 February 2026, 13:20 ইং
ভোটের সূচনা সুন্দর হলেও সমাপ্তি হয়েছে কারচুপিতে: হামিদুর রহমান আযাদ

স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য। জোটের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মন্তব্য করেছেন, "জাতীয় নির্বাচনের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি।"
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে যান জোটের নেতারা।
হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে বড় ধরনের সহিংসতা দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ বা কারচুপি হয়েছে। তিনি অভিযোগ করেন, "আমরা ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে অসুস্থ পরিবেশ লক্ষ্য করেছি। অনেক কেন্দ্রে কর্তব্যরত অফিসাররা নিজেরাই ব্যালটে সিল মেরেছেন। এছাড়া দলীয় কর্মীরাও সিল মারার কাজে লিপ্ত ছিলেন। অনেক জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখা হয়েছে।"
ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও তাদের হুমকি দেওয়া হয়েছে। ফলাফল শিটে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের প্রমাণ পাওয়া গেছে। আমরা ৩২টি আসন চিহ্নিত করেছি, যেখানে অত্যন্ত স্বল্প ভোটের ব্যবধানে কৌশলে আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।"
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত নেতা বলেন, "১২ তারিখ নির্বাচন হলো আর ১৩ তারিখ রাত ১১টায় গেজেট প্রকাশ করা হলো। এত তড়িঘড়ি কেন? পঞ্চগড় বা টেকনাফ থেকে একজন প্রার্থীর এসে অভিযোগ দায়ের করার সুযোগটুকুও দেওয়া হয়নি। ১৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করলে প্রার্থীরা অভিযোগ করার সময় পেতেন।"
নির্বাচনে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দাবি করে হামিদুর রহমান আযাদ নতুন কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ১১ দলের লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ঢাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও যোগ করেন, "আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সংসদই হোক সব রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ধারাবাহিকতায় বিশ্বাস করি, কিন্তু এবারের নির্বাচনে অনিয়মের মাধ্যমে জনগণের রায়কে বাধাগ্রস্ত করা হয়েছে।"
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং তারা বিতর্কিত আসনগুলোতে পুনরায় ভোট গণনার জন্য কমিশনের কাছে জোর দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ