প্রিন্ট এর তারিখঃ Feb 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 February 2026, 09:55 ইং
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিদায়ী সাক্ষাৎ

স্বপ্নভূমি ডেস্ক :
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য বিদায়ী সাক্ষাৎ করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার দায়িত্ব পালনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের দায়িত্ব পালনকালের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশজুড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন সফল করতে সেনাবাহিনীর বলিষ্ঠ সহযোগিতার জন্য তিনি জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামানের মেয়াদে সেনাবাহিনী দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদায়ী এই সাক্ষাতের মাধ্যমে তার বর্ণাঢ্য কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হলো বলে মনে করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ