প্রিন্ট এর তারিখঃ Feb 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 February 2026, 14:05 ইং
মন্ত্রিপরিষদ সচিব হলেন যশোরের সন্তান নাসিমুল গনি

স্বপ্নভূমি ডেস্ক:
দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শনিবার বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাচ্ছিলেন। এখন পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নাসিমুল গনি।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকারী এই কর্মকর্তা ১৯৮৩ সালে রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৯৫ সালে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) হিসেবে কাজ করেন। মাঠ প্রশাসনে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ছাড়াও তিনি স্পিকারের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ওএসডি থাকার পর ২০১৩ সালে তিনি অবসরে যান। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার তাকে পুনরায় জনসেবায় ডেকে নেয়। প্রথমে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এবার তাকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব প্রদান করা হলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ