প্রিন্ট এর তারিখঃ Feb 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 February 2026, 17:19 ইং
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বপ্নভূমি ডেস্ক :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। যদিও ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি, তবে আগামী ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তাঁর পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান করা। ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের আগেই এই কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। শুরুতে নির্দিষ্ট কিছু এলাকায় এটি চালু হলেও পর্যায়ক্রমে সারাদেশের সকল ইমাম-মুয়াজ্জিনকে এই ভাতার আওতায় আনা হবে। ভাতার পরিমাণ কত হবে তা জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে টাকার অংক চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ৩য় কর্মদিবস। এদিন তিনি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। অফিসে প্রবেশের আগে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্রিফ করেন এবং নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক মর্যাদা নিশ্চিতের বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে পলিসি কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অফিসে প্রবেশের সময় প্রধানমন্ত্রী অনেক পুরোনো কর্মজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ