প্রিন্ট এর তারিখঃ Feb 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 February 2026, 11:08 ইং
মার্কিন হামলার মেঘ ইরানের আকাশে: নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। সোমবার তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক জরুরি বিবৃতিতে বর্তমান ‘পরিবর্তনশীল পরিস্থিতি’র কথা উল্লেখ করে এই আহ্বান জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইরানে অবস্থানরত সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইট বা যেকোনো উপলব্ধ উপায়ে দ্রুত ইরান ত্যাগ করা উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।
বিবৃতিতে নাগরিকদের গত ১৪ জানুয়ারির জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশ এড়িয়ে চলা, সব সময় পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি সাথে রাখা এবং দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
সংকটের মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্য। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ‘সীমিত হামলার’ কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান সোমবার কঠোর বার্তা দিয়ে বলেছে, যেকোনো ধরনের আক্রমণকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে এবং এর জবাবে কঠোর পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে।
অস্থিরতার মধ্যেই ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও তেহরান কিছু ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছে, তবে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। আগামী বৃহস্পতিবার পরবর্তী দফার আলোচনা হওয়ার কথা থাকলেও অনিশ্চয়তা কাটেনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ