প্রিন্ট এর তারিখঃ Feb 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 February 2026, 11:00 ইং
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। তার দীর্ঘ কর্মজীবন নানা চড়াই-উতরাই ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। বাগেরহাট জেলার এই কৃতি সন্তান কর্মজীবনে একাধিকবার রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন।
১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমবারের মতো বরখাস্ত হন আলী হোসেন ফকির। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন। পেশাদারিত্বের স্বাক্ষর রেখে তিনি বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
পরবর্তীতে জাতিসংঘ মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরলে তাকে রাজশাহী ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। তবে ২০২২ সালে শেখ হাসিনা সরকার তাকে পুনরায় বাধ্যতামূলক অবসরে পাঠায়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি পুনরায় আইনি লড়াইয়ে জয়ী হয়ে চাকরিতে ফেরেন। প্রথমে এসপি পদমর্যাদায় যোগ দিলেও দ্রুতই তিনি সুপার নিউমারারি ডিআইজি ও পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। সবশেষ আজ তাকে বাহিনীর সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হলো।
চৌকস এই কর্মকর্তার নিয়োগে পুলিশ বাহিনীর অভ্যন্তরে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ