প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 February 2026, 10:17 ইং
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বপ্নভূমি ডেস্ক :
পিলখানা হত্যাকাণ্ডের নৃশংসতার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই কলঙ্কিত অধ্যায়ের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করে এর পেছনের প্রকৃত উদ্দেশ্য ও কুশীলবদের মুখোশ উন্মোচন করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম নৃশংসতম ঘটনা। এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল আমাদের গর্বিত সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এ ধরনের জঘন্য কাজ করতে পারে।"
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও বিগত সরকারগুলো প্রকৃত সত্য প্রকাশে বা সুপারিশ বাস্তবায়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করছি না। অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় কমিশন গঠন করেছিল, তারা যোগ্য ব্যক্তিদের দিয়েই তা সম্পন্ন করেছে। সেই কমিশনের রিপোর্ট আমাদের হাতে আছে। এখন আমাদের লক্ষ্য হলো সেই রিপোর্টের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা।"
তিনি আরও জানান, বর্তমানে বিচারাধীন মামলাগুলোর জুডিশিয়াল প্রসেস বা আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বনানীতে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা চিরভাস্বর। শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করতে চাই, বিচার এমনভাবে করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ