প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 February 2026, 16:05 ইং
যশোরে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজের ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পিরোজপুর সদর উপজেলার মরিচা গ্রামের মনির শেখের ছেলে মেহেদী হাসান, বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে হাফিজ শিকদার, আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ, মরিচা গ্রামের মনির শেখের ছেলে হাসিব, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে তামিম ও যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফায়াদ আল সুমন। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোপের একটি ফ্ল্যাটে অভিযান চালায় যশোরের ডিবি পুলিশ। এ সময় অনলাইন জুয়ার সাথেজড়িত থাকায় ওই ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আটক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ