প্রিন্ট এর তারিখঃ Feb 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 February 2026, 13:41 ইং
বাহরাইনের ঘাঁটি খালি করল মার্কিন নৌবাহিনী, ইরানে হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সকল জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ইরানি হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এপি জানায়, গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক অবকাঠামোতে সম্ভাব্য হামলার প্রাককালেও যুক্তরাষ্ট্র একইভাবে বাহরাইন থেকে তাদের রণতরী সরিয়ে নিয়েছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ধারণা, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি অবস্থায় রয়েছে যেখান থেকে পিছু হটার সুযোগ কম। ইরানে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং হামলার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি বাহিনীকে তা অবহিত করা হতে পারে।
এদিকে, যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয়বারের মতো পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যাতে মধ্যস্থতা করছে ওমান। তবে আলোচনার টেবিলে সমাধান আসার চেয়ে সামরিক সংঘাতের শঙ্কাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা।
সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি জড়ো করেছে। যার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছে মার্কিন বাহিনীর ১২টি অত্যাধুনিক এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা এপিকে বলেন, “যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা থেকে বিরত থাকবে, সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এখন প্রশ্ন কেবল সময়ের; হামলাটি কোন দিক থেকে, কীভাবে এবং কতটা তীব্রভাবে শুরু হবে সেটাই দেখার বিষয়।”
উল্লেখ্য, চলমান এই পরিস্থিতির ওপর বিশ্ব সম্প্রদায়ের তীক্ষ্ণ নজর রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী সরিয়ে নেওয়ার ঘটনাকে সামরিক বিশ্লেষকরা আসন্ন সংঘাতের অন্যতম বড় সংকেত হিসেবে দেখছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ