যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে শুরু হওয়া একটি ‘ঈদ মেলা’র আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
জানা গেছে, একটি রাজনৈতিক দলের কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে ঈদ মেলার প্রস্তুতি শুরু করা হয়। ইতোমধ্যে মাঠে অস্থায়ী স্টল নির্মাণের কাজও অনেকটা এগিয়ে গিয়েছিল। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে এলে এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়।
অনুমোদনহীন এই মেলার প্রতিবাদে রবিবার (১ মার্চ) নওয়াপাড়া বাজারের শতাধিক ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জানান। ব্যবসায়ীদের দাবি, তারা সারা বছর সরকারি নিয়ম মেনে সততার সাথে ব্যবসা পরিচালনা করেন। কিন্তু ঈদের আগে বহিরাগত ব্যবসায়ীদের এনে এমন অবৈধ মেলা বসানো হলে স্থানীয় ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ও একজন জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে কিছু স্বার্থান্বেষী মহল এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি রহস্যজনক মন্তব্য করেন। তিনি মুঠোফোনে জানান, "ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনে আমার কোনো অনুমতির প্রয়োজন হয়নি।" তার এমন বক্তব্যে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, "জেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে মেলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। সরকারি নিয়ম অমান্য করে কোনো আয়োজন বরদাশত করা হবে না। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তে নওয়াপাড়া বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।