প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 March 2026, 11:33 ইং
যশোরের অভয়নগরে ৮ বছরের শিশু ধর্ষণ, ১৬ দিন পর অভিযুক্ত আটক

অভয়নগর প্রতিনিধি :
যশোরের অভয়নগরে ৮ বছরের শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজী (৩৪) নামের এক যুবককে ১৬ দিন পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। বর্তমানে সে খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। পেশায় তিনি দিনমজুর।
ধর্ষণের শিকার ওই শিশুর ফুফু জানান, সোমবার সকালে খুলনা থেকে অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে আমার বাড়ি বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ভাইয়ের ওই শিশুকন্যা। এক পর্যায়ে সে প্রতিবেশী নজরুল গাজী কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। ইফতারের পর তাকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। পরে ওই ক্লিনিকের ঠিকানায় ধর্ষক নজরুলকে আসতে বলা হয়। রাত ৮ টার দিকে সে ক্লিনিকে পৌঁছালে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ধর্ষণের শিকার ওই শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুঁমকি দিয়েছিল তার নানা নজরুল গাজী। যে কারণে সে ভয়ে বাড়ির কাউকে জানায়নি।
অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের কথা স্বীকার করে বলেন, ‘প্রতিবেশী সম্পর্কে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে নানা-নাতি এক সঙ্গে ঘুমানোর সময় ধর্ষণের চেষ্টা করেছিলাম। ভুল করে ওই সময় কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দেন।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ