প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 March 2026, 11:06 ইং
ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির (রহ.) প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ঢাকাস্থ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৬ মার্চ, ২০২৬) সকালে তিনি দূতাবাসে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও শোকাতুর জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।
শোক প্রকাশকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, “মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমের প্রতি অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে এই শোক সইবার ধৈর্য ও দৃঢ়তা দান করেন।”
বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত।” তিনি শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।
জামায়াত নেতৃবৃন্দ এসময় ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তারা মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ