প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 March 2026, 08:07 ইং
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | ১০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন প্রয়োজন মনে হবে, ততদিন এই পাল্টা আঘাত চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর পরই এই কঠোর হুঁশিয়ারি দেন ইরানের শীর্ষ নেতা ও বর্তমান প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সৈয়দ আব্বাস আরাগচি।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন সৈয়দ আরাগচি। সেখানে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “গোলাগুলি এখনো অব্যাহত আছে এবং আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যতক্ষণ প্রয়োজন, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের ওপর আঘাত হানতে প্রস্তুত। এতে যতদিন সময় লাগে, লাগুক।”
সাক্ষাৎকারে ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। তেহরান আর কোনো আলোচনায় আগ্রহী নয় জানিয়ে আরাগচি বলেন, “মার্কিনিদের সঙ্গে আমাদের অতীতের সংলাপের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। আমরা আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চাই না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন আর আমাদের এজেন্ডার তালিকায় নেই।”
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হওয়ার পর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও শুরু করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’। এই অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। বর্তমানে তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে, যাতে দেশটির জ্বালানি অবকাঠামো ও তেলের ডিপো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আরাগচির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছিল, তা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ