প্রিন্ট এর তারিখঃ Mar 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 March 2026, 05:27 ইং
যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী নয়দিন পর চৌগাছা থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
যশোরের সেই অপহৃত ভেটেনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কে উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল খোলসি গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তার মোটরসাইকেলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।
তিনি জানান, গত ২ মার্চ রাতে ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন ভেটেনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়। ঘটনার পর থেকে র্যাবের একটি দল অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বত্বক চেষ্টা চালায়। বুধবার রাতে গোপন সূত্রে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে চৌগাছার পাশাপোল খোলসি গ্রামে ওই ব্যবসায়ী আছেন। রাত সাড়ে ১১ টার দিকে তাদের একটি দল খোলসি ইটভাটার কাছাকাছি একটি ছাবড়া ঘরের পাশে তার নিজের মোটরসাইকেলে বাধা অবস্থায় জাহাঙ্গীর আলম কে উদ্ধার করা হয়। অভিযানের সংবাদ পেয়ে আগেই অপহরণকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাতে র্যাব ক্যাম্পে নেয়া হয়েছে। পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সেবা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে হলে তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার নয়দিন পর অনেক চেষ্টা করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ সকালে জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিল শংকরপুর পশু হাসপাতালের সামনে জাহাঙ্গীরের একটি ভেটেনারি ফার্মেসি আছে। আর আর মেডিকেল ও জে আর এগ্রোভেট নামক দোকানটি তিনি পরিচালনা করেন। প্রতিদিনের মতো গত ২ মার্চ রাত নয়টার দিকে ফার্মেসি বন্ধ করে তিনি মোটরসাইকেলযোগে ধর্মতলা সুজলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথ রোধ করে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। রাত দশটার দিকে জাহাঙ্গীরের মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা প্রথমে তার মা জাহানারা খাতুন এর কাছে ফোন দেয়। এরপর তারা তার স্ত্রীর কাছে ফোন দিয়েছিল। অপহরণকারীরা জাহাঙ্গীরকে জীবিত ফেরত দিতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। ঘটনার পর বিভিন্ন জায়গায় ফোন ও খবর নিয়ে জাহাঙ্গীরকে উদ্ধারে ব্যর্থ হয়েছিল স্বজনেরা। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ