প্রিন্ট এর তারিখঃ Mar 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 March 2026, 12:38 ইং
যশোরের মনিরামপুরে বিষ খাইয়ে ৩ গাভী হত্যা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে এক গরু ব্যবসায়ীর গোয়াল ঘরে খাবারের সাথে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে ৩টি গাভীকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় অসুস্থ হয়ে পড়েছে আরও চারটি গরু। বুধবার দিবাগত রাতে উপজেলার জয়পুর কাছারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে শরিফুল ইসলাম নামে ওই ব্যবসায়ী কয়েক লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে থানা পুলিশ।
শরিফুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তাঁর গোয়ালে সাতটি শংকর জাতের গাভী ছিল। বুধবার রাত ১১টার দিকে তিনি গাভীগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। এরপর রাত তিনটার দিকে ঘুম ভাঙ্গলে শরিফুল ইসলাম গোয়াল ঘরে গাভীগুলো দেখতে আসেন। তখন তিনি দেখতে পান দুটি গাভীর লাশ গোয়ালে পড়ে আছে। বাকি পাঁচটি গাভী অসুস্থ হয়ে পড়েছে।
শরিফুল ইসলাম আরও উল্লেখ করেন, এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি কলার পাতায় মোড়ানো অবস্থায় গ্যাস ট্যাবলেট (বিষ) দেখতে পান। ওই অবস্থায় তাঁর সামনে আরও একটি গাভীর মৃত্যু হয়েছে। এরআগেও শত্রুতা করে এই গরু ব্যবসায়ীর খেতের ২০০ কলাগাছ ও ১০০ মেহেগনী গাছ কেটে ক্ষতি করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন শরিফুল ইসলাম। তবে তিনি সন্দেহভাজন কারও নাম উল্লেখ করেননি।
ক্ষতিগ্রস্ত ব্যক্তির স্ত্রী রাবেয়া খাতুন বলেন, আমরা বাড়িতে গরু লালনপালন করি। পাশাপাশি আমার স্বামী গরু ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উঠে দেখি গোয়ালে দুটো গরু মরে আছে। এরপর আমাদের সামনে ছটফট করে আরও একটা গরু মারা গেছে। গোয়ালের সাতটা গরুরে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে দেছে। জীবিত চারটার মধ্যে একটা জবাই দিয়ে বাকি তিনটা কশাইয়ের কাছে বেছে দেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। অভিযোগকারী বলছেন, তাদের সাথে কারও শত্রুতা নেই। আমরা তদন্ত চলমান রেখেছি।
ছবি : গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছে তিনটি গাভী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ