প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 March 2026, 15:25 ইং
যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করছেন বেগম মাহমুদা খাতুন

স্টাফ রিপোর্টার :
যশোরে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করছেন বেগম মাহমুদা খাতুন। তিনি নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) মোঃ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হয়ে যান রাজশাহীতে। তিনমাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগদান করেন। চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীর বদলি হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের পদটি শূন্য হয়ে যায়। এরপর থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দায়িত্বপ্রাপ্ত বিচারক হিসেবে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। দায়িত্বপ্রাপ্ত বিচারকদের দিয়ে আশাঅনুরূপ ফল না পাওয়ায় আইনজীবীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা করে জেলা ও দায়রা জজ আদালতসহ তিনটি আদালত বর্জনের কর্মসূচি পালন করে আসছিল। যশোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কর্যক্রম স্বাভাবিক রাখতে রাষ্ট্রপতির আদেশক্রমে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোর জেলা ও দায়র জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ