প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 March 2026, 09:54 ইং
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

অর্থনৈতিক প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি প্রদান করেছে। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ‘ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফাসিলিটি–টু’ (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষাজীবনে ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (AIT) থেকে ‘ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ বিষয়ে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বিআইবিএম-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট’ (CERM) প্রশিক্ষণ গ্রহণ করেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্কসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের ‘এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড’ (সেরা ক্যাটাগরি) লাভ করেন।
ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জনক ইমতিয়াজ আহমদ মাসুম তার এই নতুন দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ