প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 March 2026, 09:58 ইং
ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া ওই এলাকার তামজেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে গিয়েছিলেন চাঁন মিয়া। এ সময় একটি ছাগল হঠাৎ দৌড়ে রেললাইনের ওপর উঠে পড়ে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে তিনিও দ্রুত রেললাইনের ওপর চলে যান। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি সেখানে পৌঁছে যায়। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়েছে। যেহেতু দুর্ঘটনাটি রেলওয়ের সীমানায় ঘটেছে, তাই বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও পুরো সারুলিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছাগল বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়ার এই ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ