প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 March 2026, 15:52 ইং
বিপ্লবের নেতৃত্বের বিরুদ্ধে মামলার অপচেষ্টা উদ্বেগজনক ও নিন্দনীয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্বদানকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলার অপচেষ্টাকে ‘উদ্বেগজনক ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা চালানো হয়েছে। যদিও আদালত সেই মামলা গ্রহণ করেনি, তবে গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন পদক্ষেপ অত্যন্ত উদ্বেগের।
তিনি আরও বলেন:
"আমরা মনে করি, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়। বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।"
এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার চেষ্টা প্রমাণ করে যে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো পর্দার আড়াল থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিবৃতিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করার অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও সফল হবে না। এ সময় তিনি সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরাজিত অপশক্তিকে রুখতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ