প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 March 2026, 11:18 ইং
কেশবপুরে অজ্ঞান পার্টি লুট করলো নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে অজ্ঞান পার্টির সদস্যরা স্প্রের মাধ্যমে একটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার আলতাপোল গ্রামের বারুইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও এলাকার ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের মৃত দিলীপ ঘোষের ছেলে নারায়ণ চন্দ্র ও মিহির চন্দ্র ঘোষের ঘর থেকে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির সকলকে স্প্রের মাধ্যমে অজ্ঞান করে চারটি সোনার আংটি, একটি সোনার চেইন, তিন জোড়া কানের দুল, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া স্বর্ণের পেটি চুড়ি, এক জোড়া শাঁখা-সোনা এবং একটি রেডমি মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ২২ হাজার টাকাও নিয়ে গেছে। স্বর্ণালঙ্কার ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ লুট করেছে অজ্ঞাত অজ্ঞান পার্টির সদস্যরা।
ক্ষতিগ্রস্ত মিহির চন্দ্র ঘোষ বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির সবাইকে অজ্ঞান করে নগদ ২২ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১১ থেকে ১২ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে।
খবর পেয়ে কেবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস ও এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ